পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
এ দুর্ঘটনায় শংকর বেপারী নামের এক ব্যক্তির ৮ বছরের শিশু কন্যা নিহত ও তার স্ত্রী নিখোঁজ হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম অর্পিতা বেপারী (৮) এবং নিখোঁজ রয়েছেন শিশুটির মা রিনা বেপারী (৩৫)। তারা নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের শংকর বেপারীর মেয়ে ও স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, পেশায় ঢাকার এক প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড শংকর বেপারী দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে বাড়িতে আসেন। সোমবার রাতে শ্রীরামকাঠী এলাকা থেকে পূজা দেখে ট্রলারযোগে সপরিবারে বাড়ি ফিরছিলেন তারা। সে সময় ৫০ জনেরও বেশি যাত্রী এবং ৬টি মোটরসাইকেল নিয়ে ট্রলারটি নাজিরপুর প্রান্ত থেকে ভরতকাঠীর উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু অতিরিক্ত বোঝার কারণে ট্রলারটি ভারসাম্য হারিয়ে নদীতে ডুবে যায়।
অধিকাংশ যাত্রী সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় পাড়ে উঠতে সক্ষম হলেও শংকর বেপারীর স্ত্রী ও শিশু কন্যা পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান নাজিরপুর ইউএনও সাজিয়া শাহনাজ তমা, সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, নাজিরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক সোয়াইব হোসেন মুন্সি এবং পিরোজপুরের জেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা রায়হানুর আশরাফ।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় রাত ১১টা ১০ মিনিটের দিকে নিখোঁজ শিশু অর্পিতার মরদেহ উদ্ধার করা হয়। রাতেই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
পিরোজপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক রায়হানুর আশরাফ বলেন, ট্রলার দুর্ঘটনায় মা ও মেয়ে নিখোঁজের পরে মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে রাত গভীর হওয়ায় আপাতত উদ্ধার অভিযান বন্ধ রয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে পুনরায় উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।
নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা বলেন, ‘দুর্ঘটনার পর পরই প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা তদারকি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। নিখোঁজ মাকে উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় কারো অবহেলা থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’