দেশের পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকগুলোতে আমানত কমলেও প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামি শাখা ও উইন্ডোতে আমানত উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত এক বছরে প্রচলিত ব্যাংকের ইসলামি শাখায় আমানত বেড়েছে ১২ হাজার ৬৭৯ কোটি টাকা। একই সময়ে এসব ব্যাংকের ইসলামি উইন্ডোতে আমানত বেড়েছে আরও ৬ হাজার ৮৯৬ কোটি টাকা। তবে, পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকগুলোতে আমানত কমেছে ৬ হাজার ৭৩৭ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত ইসলামি ব্যাংকিং বিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্ট শেষে দেশের ইসলামি ব্যাংকিং ব্যবস্থায় মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৭৫ হাজার ১২৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৪ লাখ ৬২ হাজার ২৮৪ কোটি টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ইসলামি ব্যাংকিং ব্যবস্থায় আমানত বেড়েছে ১২ হাজার ৮৩৮ কোটি টাকা বা ২ দশমিক ৭৮ শতাংশ।
তবে, আমানত বৃদ্ধির চিত্র সব ধরনের ইসলামি ব্যাংকিং কার্যক্রমে একরকম নয়। প্রচলিত ব্যাংকের ইসলামি শাখা ও উইন্ডোতে আমানত বাড়লেও পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকগুলোতে কমেছে।
বিজ্ঞাপন
ইসলামি শাখায় আমানত বেড়েছে ৩২ শতাংশ
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের আগস্ট শেষে প্রচলিত ব্যাংকগুলোর ইসলামি শাখায় আমানত দাঁড়িয়েছে ৫১ হাজার ৬৬০ কোটি ৮ লাখ টাকা। গত বছরের আগস্টে এ পরিমাণ ছিল ৩৮ হাজার ৯৮১ কোটি ১ লাখ টাকা। সে হিসাবে এক বছরে শাখাগুলোতে আমানত বেড়েছে ১২ হাজার ৬৭৯ কোটি ৭ লাখ টাকা বা ৩২ দশমিক ৫৩ শতাংশ।
শুধু বার্ষিক হিসাবেই নয়, মাসিক হিসাবেও আমানত বেড়েছে। চলতি বছরের জুলাইয়ের তুলনায় আগস্টে প্রচলিত ব্যাংকের ইসলামি শাখাগুলোতে আমানত বেড়েছে ১ হাজার ৮১২ কোটি ৫ লাখ টাকা বা ৩ দশমিক ৬৪ শতাংশ।
উইন্ডোতে আমানত বেড়েছে প্রায় ২৮ শতাংশ
প্রচলিত ব্যাংকগুলোর ইসলামি উইন্ডোতেও আমানত বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। গত আগস্ট শেষে এসব উইন্ডোতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৪১১ কোটি ৬ লাখ টাকা। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২৪ হাজার ৫১৫ কোটি ৫ লাখ টাকা।
বিজ্ঞাপন
এ হিসেবে এক বছরে ইসলামি উইন্ডোগুলোতে আমানত বেড়েছে ৬ হাজার ৮৯৬ কোটি ১ লাখ টাকা বা ২৮ দশমিক ১৩ শতাংশ।
এদিকে, চলতি বছরের জুলাইয়ের তুলনায় আগস্টে এসব উইন্ডোতে আমানত বেড়েছে ৮১১ কোটি ৭ লাখ টাকা বা ২ দশমিক ৬৫ শতাংশ।
বিজ্ঞাপন
পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকে আমানত কমেছে
প্রচলিত ব্যাংকের ইসলামি শাখা ও উইন্ডোতে আমানত বাড়লেও পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকগুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্ট শেষে দেশের ১০টি পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৯২ হাজার ৫০ কোটি টাকা। গত বছরের আগস্ট শেষে এসব ব্যাংকে আমানতের পরিমাণ ছিল ৩ লাখ ৯৮ হাজার ৭৮৭ কোটি টাকা।
সে হিসেবে এক বছরে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকগুলোতে আমানত কমেছে ৬ হাজার ৭৩৭ কোটি টাকা বা ১ দশমিক ৬৯ শতাংশ।
তবে, মাসিক হিসেবে পরিস্থিতি কিছুটা ভিন্ন। চলতি বছরের জুলাইয়ের তুলনায় আগস্টে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকগুলোতে আমানত বেড়েছে ৩ হাজার ৫০৮ কোটি টাকা বা শূন্য দশমিক ৯০ শতাংশ।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশের ব্যাংকিং খাতের মোট আমানতের ২০ দশমিক ৭৬ শতাংশ রয়েছে ইসলামি ব্যাংকিং ব্যবস্থায়। বাকি ৭৯ দশমিক ২৪ শতাংশ আমানত রয়েছে প্রচলিত ব্যাংকগুলোর কাছে, যার পরিমাণ ১৮ লাখ ১৩ হাজার ১৯৫ কোটি টাকা।
বর্তমানে দেশে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক রয়েছে ১০টি। এসব ব্যাংকের শাখা রয়েছে ১ হাজার ৬৯৯টি। এছাড়া, ১৭টি প্রচলিত ব্যাংক ইসলামি শাখার মাধ্যমে এবং ২১টি ব্যাংক ইসলামি উইন্ডোর মাধ্যমে শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা দিচ্ছে।
ইএআর/এএমএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
