লা লিগার ম্যাচে বার্সেলোনার উইঙ্গার লামিন ইয়ামালকে গুঁতো দিয়ে লাল কার্ড দেখেছিলেন ফাকুন্দো বার্নাল। সেই ঘটনায় এবার আরও বড় সাজা পেলেন রিয়াল বেতিসের এই মিডফিল্ডার। তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করল রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
গত শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ৫-২ গোলের দাপুটে জয় পেয়েছিল বার্সা। ওই ম্যাচে স্প্যানিশ ইয়ামালকে ফাউল করায় ৫৪তম মিনিটে উরুগুইয়ান বার্নালকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
লড়াইয়ে তখন ৩-২ ব্যবধানে এগিয়েছিল বার্সেলোনা। একটি ফাউলকে কেন্দ্র করে ঝামেলায় জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। প্রথমে বার্নালকে ধাক্কা দেন ইয়ামাল। এরপর ইয়ামালের ঘাড় ধরে দুইবার তাকে মাথা দিয়ে আঘাত করেন বার্নাল। ফল হিসেবে বার্নালকে লাল কার্ড এবং ইয়ামালকে হলুদ কার্ড দেখানো হয়।
রেফারি রিকার্দো দি বুরগোসের প্রতিবেদনে বার্নালের লাল কার্ড পাওয়ার পুরো ঘটনাটির বর্ণনা দেওয়া হয়। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয় যে, বল মাঠের বাইরে থাকা অবস্থায় হাতাহাতি ও শারীরিক সংঘাতের ওই ঘটনাটি ঘটেছিল। আইন অনুযায়ী, এমন কাণ্ডে দায়ী খেলোয়াড় সর্বনিম্ন চার থেকে সর্বোচ্চ ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। তাই বলা যায়, বার্নাল অল্পতেই পার পেয়ে গেছেন।
প্রতিপক্ষ শিবিরে একজন কমে যাওয়ার ফায়দা তুলে নিয়ে পরে আরও দুবার লক্ষ্যভেদ করে বার্সেলোনা। ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা। সেদিন একটি করে গোল ও অ্যাসিস্ট করেছিলেন ১৯ বছর বয়সী ইয়ামাল। ম্যাচের ৭০তম মিনিটে তাকে উঠিয়ে নেওয়া হয়। তার বদলি হিসেবে নেমেছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া।
এই নিষেধাজ্ঞার কারণে ২৩ বছর বয়সী বার্নাল লা লিগায় বেতিসের আগামী চারটি ম্যাচে খেলতে পারবেন না। তাদের প্রতিপক্ষ হলো যথাক্রমে সেল্তা ভিগো, মালাগা, এলচে ও সেভিয়া।
লিগে ৯ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বেতিস। সমান ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা।
