প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:২৮ পিএম
মানিকগঞ্জের শিবালয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় চার জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার (১২ অক্টোবর) উপজেলার যমুনা ও পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ওই চার জেলেকে আটক করা হয়। শিবালয় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। পরে আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে এ অভিযান চালানো হয়। অভিযানে চার মৌসুমি জেলেকে আটক করে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শেখ মনিরুল ইসলাম মনির, সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন এবং শিবালয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী।
অভিযানে জেলা মৎস্য দপ্তর, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও পাটুরিয়া নৌ-থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
