পরিবার নিয়ে পূজা মণ্ডপ ঘুরে দেখলেন বাবুছড়া ব্যাটালিয়ন অধিনায়ক
মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
সারাদেশের মতো খাগড়াছড়ির দীঘিনালায়ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কঠোর নিরাপত্তাব্যবস্থা ও সম্প্রীতির পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা চলছে।
এরই মধ্যে পরিবারসহ পূজামণ্ডপে উপস্থিত হয়ে উৎসবে যোগ দেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি পূজামণ্ডপে যান। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং উৎসবে অংশগ্রহণকারীদের সঙ্গে সময় কাটান।
এ সময় লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। আমি আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে পূজামণ্ডপে এসেছি। সব ধর্মের মানুষ মিলেমিশে আনন্দের সঙ্গে উৎসব পালন করছেন। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি চোখে পড়েনি।
তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরাও মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন, যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সবাই উৎসব উদ্যাপন করতে পারেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

