Published on
:
1 min read
বলিউড অভিনেতা টাইগার শ্রফ-এর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। পুলিশের দাবি, হামলা চালানোর আগে আগ্নেয়াস্ত্র পরীক্ষা করে নিয়েছিলেন অভিযুক্তেরা। মুম্বইয়ের কাছে একটি জায়গায় গুলি চালানোর অনুশীলনও করেছিলেন তাঁরা। শুধু তা-ই নয়, অন্ধেরির একটি হোটেলের ঘরে আগ্নেয়াস্ত্র পরীক্ষা করতে গিয়ে আচমকাই গুলি চলে যায়।
সেই গুলি গিয়ে লাগে বিছানায়। হোটেলের ঘরে এমন বিপজ্জনক ঘটনা ঘটলেও বাইরে কেউ বিষয়টি টের পাননি বলে তদন্তকারীদের সূত্রে খবর। এ দিকে এই ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। ফলে মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। পাশাপাশি, টাইগারকে হুমকি দেওয়ার অভিযোগে একটি অডিয়ো ক্লিপও খতিয়ে দেখছেন তদন্তকারীরা
সূত্রের দাবি, টাইগার শ্রফের উপর হামলার আগে আগ্নেয়াস্ত্রগুলি ঠিকমতো কাজ করছে কি না, তা যাচাই করতে চেয়েছিলেন অভিযুক্তেরা। জিজ্ঞাসাবাদের সময় তাঁরা মুম্বইয়ের কাছাকাছি একটি জায়গার কথা জানিয়েছেন, যেখানে গুলি চালানোর অনুশীলন করা হয়েছিল বলে অভিযোগ।
পুলিশের সূত্র অনুযায়ী, ওই অনুশীলনের সময় এক অভিযুক্ত দু’টি গুলি চালিয়েছিলেন। অন্য জন একটি গুলি চালান। আগ্নেয়াস্ত্রগুলি কার্যকর কি না, তা পরীক্ষা করাই তাঁদের উদ্দেশ্য ছিল বলে মনে করছেন তদন্তকারীরা।
তবে অভিযুক্তদের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করতে ওই জায়গাটি খতিয়ে দেখছে পুলিশ। হামলার আগে তাঁরা কী ভাবে প্রস্তুতি নিয়েছিলেন, অস্ত্রগুলি কোথা থেকে পেয়েছিলেন এবং এই ঘটনায় আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।
