রায়পুরা প্রতিনিধি: ইব্রাহীম আশেকী রনি
নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর গ্রামে তারেক রহমান নামে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বাবা অলিউর রহমান ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় বাবা অলিউর রহমান পলাতক রয়েছেন। ঘটনাটি তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। নিহত তারেক রহমান মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। সেখানে মাদক সেবনের অভিযোগে তাঁকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফিরে আবারও মাদক সেবনে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, মাদক কেনার টাকার জন্য তারেক প্রায়ই বাবা-মায়ের কাছে টাকা চাইতেন। এ নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় তারেককে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তাঁর বাবা অলিউর রহমান ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা অলিউর রহমান পলাতক রয়েছেন বলে জানা গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা এবং অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ জাতীয় আরো খবর..
