বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকিংয়ের কবলে পড়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি ওই অ্যাকাউন্ট থেকে কোনো বার্তা পাঠানো হলে সেটির ভিত্তিতে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে দলটি।
শনিবার দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের সই করা এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, একটি অসাধু চক্র অধ্যাপক মুজিবুর রহমান এমপির ব্যবহৃত হোয়াটসঅ্যাপ আইডিটির নিয়ন্ত্রণ অবৈধভাবে নিয়ে নিয়েছে।
এমতাবস্থায় তাঁর সব শুভানুধ্যায়ী, সহকর্মী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়ে দলটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, ওই নম্বর বা অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনুরোধ বা বার্তা আসলে তা যেন এড়িয়ে চলা হয় এবং কোনো অবস্থাতেই যাতে কোনো অর্থ লেনদেন না করা হয়।
