কোনো নেতা যদি মাদক, নারী ও অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ে তাহলে বিএনপিতে তার কোনো স্থান নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত মহিলা দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, তারেক রহমানের শাসনামলে কেউ মাদক, নারী ও অপকর্মে জড়িয়ে পড়লে এ্যানি চৌধুরী নির্বাচিত হওয়া অবস্থায় সেই সুযোগ লক্ষ্মীপুরের রাজনীতিতে দেওয়া হবে না। এজন্য ভালো লোককে যুবদলের নেতৃত্বে দিব। যুবদলের নেতাগিরি করবেন, আর কেউ লোহা লক্কর নিয়ে হাঁটাহাঁটির চেষ্টা করবেন, ওই দিন শেষ। লোহা লক্করের রাজনীতি লক্ষ্মীপুরে চলবে না।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, কোনো ধরনের অপকর্মের সঙ্গে যদি কেউ জড়িত হয় অথবা আওয়ামী লীগের লোকের সঙ্গে থেকে অপকর্মে লিপ্ত হয়ে অপকর্ম করবেন, ওই সুযোগ বিএনপির রাজনীতিতে তারেক জিয়ার আমলে হবে না।
এ সময় উপস্থিত ছিলেন বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপিনেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার প্রমুখ।
