ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে অনিয়মিত অবস্থায় থাকা ৩৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাঁরা রাজধানী ঢাকায় অবতরণ করেন।
প্রত্যাবাসন করা নাগরিকদের মধ্যে ইতালি থেকে এসেছেন সর্বোচ্চ ১৯ জন, গ্রিস থেকে পাঠানো হয়েছে ১০ জনকে এবং বাকি ছয়জন এসেছেন সাইপ্রাস থেকে।
ঢাকাস্থ ইতালি দূতাবাসের এক আনুষ্ঠানিক বার্তায় জানানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর সার্বিক সমন্বয়ে এই বিশেষ প্রত্যাবাসন ফ্লাইটটি পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট তিন দেশের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সংস্থাটির সহায়তায় এসব বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
