দল-মত নির্বিশেষে গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসময় ২৫ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এ্যানি বলেন, ‘সবার সহযোগিতায় তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এ মুহূর্তে খুব জরুরি। মানুষের জন্য নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে হবে। ১৭ বছরের বর্ণনা করার প্রয়োজন নেই। আমি-আপনি আন্দোলন করে সরকার গঠন করেছি। কোনো নির্বাচনি প্রক্রিয়া ছিল না, আজ নির্বাচনি প্রক্রিয়া নতুনভাবে শুরু করেছি। এ যাত্রা অনেক দূর নিয়ে যেতে হবে।’
তিনি বলেন, ‘কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই টার্গেট পয়েন্টে পৌঁছাতে হবে। এ জন্য যে যেখানে আছি, আমাদের দায়িত্ব সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য ঠিক রেখে সামনের দিনগুলো পার করা। গত ১৭-১৮ বছর বাংলাদেশে ভালো কোনো ইতিহাস ছিল না। আমরা একেকজন একেকভাবে ওই পরিস্থিতি মোকাবিলা করেছি। আজ একটা স্বাভাবিক জীবন এসেছে। এই স্বাভাবিক জীবন পাবো ৩ বছর আগেও চিন্তা করিনি। কিন্তু আমরা পেয়েছি।’
পানিসম্পদ মন্ত্রী বলেন, এতোটুকু বলতে পারি প্রধানমন্ত্রী তারেক রহমান তার মহতি উদ্যোগের যাত্রা শুরু করেছেন। উনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় মাত্র সাড়ে তিন বছরে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হয়েছেন। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কাছ থেকে দেখেছেন আপনারা। তার নেতৃত্ব, তার সংগ্রামী জীবন। আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সবশেষ আমাদের থেকে বিদায় নিয়েছেন। একই পরিবারের একজন তিনবারের প্রধানমন্ত্রী, একজন জনপ্রিয় রাষ্ট্রপতি, আরেকজন এখন নির্বাচিত প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে আজ দেশ পরিচালিত হচ্ছে।
পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, ‘আমরা একেকজন একেক ইস্যুতে কথা বলি। পার্লামেন্টে আমরা সুন্দর আলোচনাও করি। কিন্তু বাইরে গিয়ে সেটা অনেক সময় ধরে রাখতে পারি না। আবার একটু রেগে যাই, অন্য কর্মসূচিতে চলে যাওয়ার চেষ্টা করি। যেটা অনেক সময় দেশের জন্য ক্ষতিকর হতে পারে। এ জন্য সবদিক চিন্তা করে আমাদের পদক্ষেপ নিতে হবে।’
লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান প্রমুখ।
