জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযানে ২১৭ বোতল ভারতীয় মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় রয়েছেন। অভিযানের সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭) ও মো. সিফাত (২০), গাজীপুরের মো. রুবেল মিয়া (২৭) এবং নিলক্ষিয়া ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামের মো. ফুরকান হোসেন (১৯)। ছাত্রদল নেতা আমান উল্লাহ আমান উদয়ের বয়স ২৭ বছর।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ডিবি-১-এর একটি দল বৈষ্ণবপাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়।
অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২১৭ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। এ ছাড়া ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বকশীগঞ্জ থানায় মামলা হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ এবং এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে তিনি এ-সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান।
