ঘিওরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আবদুর রশিদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার চঙ্গশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। নিহত আবদুর রশিদ চঙ্গশিমুলিয়া গ্রামের মৃত শেখ নৈমনুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পা পিছলে পানিতে পড়ে যান আবদুর রশিদ। দীর্ঘ সময় বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন স্টেশন লিডার শাহিন আলম।