ফুটবল মাঠে লিওনেল মেসির জাদু যেনো ফুরানোর নয়। যুক্তরাষ্টের মেজর লিগ সকারে আজ জোড়া গোল করলেন ৩৯ বছরের আর্জেন্টাইন মহাতারকা। ইন্টার মায়ামিও আটলান্টা ইউনাইটেডর মাঠে জয় পেয়েছে ৩-১ ব্যবধানে।
আটলান্টার মাঠে বাংলাদেশ সময় আজ সকালে শেষ হওয়া ম্যাচে বিরতির ঠিক আগে মায়ামিকে এগিয়ে নেন মেক্সিকোর স্ট্রাইকার জার্মান বের্তেরামে। তবে দ্বিতীয়ার্ধে সব আলো কেড়ে নেন মেসি। চার মিনিটের ব্যবধানে করেন দুটি গোল। দুটিই ব্যক্তিগত নৈপুণ্যে প্রতিপক্ষের রক্ষণ তছনছ করে।
মেসির প্রথম গোলটি আসে ম্যাচের ৫৬ মিনিটে। ডান প্রান্ত থেকে বল নিয়ে পেনাল্টি বক্সের সামনে বের্তেরামের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে সামনে থাকা আটলান্টার এক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠান মায়ামি অধিনায়ক। তিন মিনিট পর সতীর্থ লুইস সুয়ারেজের পাস পেয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-পায়ের শটে তার লক্ষ্যভেদ।
এমএলএসের চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা হলো সর্বোচ্চ ২৫টি। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে একটি গোল শোধ দেয় আটলান্টা। সফল স্পট কিক নেন মায়ামির সাবেক ফরোয়ার্ড ফাফা পিকো। গত ম্যাচেই এমএলএসের প্লে–অফ খেলা নিশ্চিত করা মায়ামি ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে রয়েছে দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা ন্যাশভিলের পয়েন্ট ৬৬, মেসিদের ৫৫। মায়ামির পরের ম্যাচ আগামী শনিবার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে।
