সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ তরুণ-তরুণীকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হচ্ছে। একই সঙ্গে আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য দেশের ৪৩২টি যুব সংগঠনকে মোট ৩ কোটি ৫৭ লাখ টাকা অনুদান দেওয়া হবে।
আগামী ১৭ অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার এবং নির্বাচিত যুব সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের প্রতীকী চেক তুলে দেবেন।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, তরুণদের উদ্যম, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি দেওয়া এবং দেশের বিভিন্ন প্রান্তে কাজ করা যুব সংগঠনগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে যুবকল্যাণ তহবিলের আওতায় দুটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর একটি স্থায়ীভাবে প্রবর্তিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ এবং অন্যটি ২০২৫-২৬ অর্থবছরের প্রকল্পভিত্তিক অনুদান কর্মসূচি।
প্রতিমন্ত্রী জানান, সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। আটটি নির্দিষ্ট ক্যাটাগরিতে প্রতিটি থেকে দুজন করে মোট ১৬ জনকে পুরস্কার দেওয়ার পরিকল্পনা থাকলেও চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ১৫ জন।
ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন, ক্রীড়া উন্নয়ন, সমাজসেবা ও জনকল্যাণ, অসহায় ও দুস্থ মানুষের সেবা, বিজ্ঞান-প্রযুক্তি ও কারিগরি ক্ষেত্র, নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনা। কলা ও সংস্কৃতিতে অবদানের বিষয়টিও ক্যাটাগরির তালিকায় উল্লেখ করা হয়েছে।
নির্বাচিত প্রত্যেককে এক লাখ টাকা, সম্মাননা ক্রেস্ট, পদক ও রাষ্ট্রীয় সনদ দেওয়া হবে। এ উদ্যোগের মাধ্যমে স্বেচ্ছাসেবামূলক কাজে নিয়োজিত তরুণদের উৎসাহিত করার পাশাপাশি অন্য তরুণদেরও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
যুব সংগঠনগুলোর প্রকল্পভিত্তিক অনুদান কর্মসূচির আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত ৪৩২টি সংগঠনকে মোট ৩ কোটি ৫৭ লাখ টাকা দেওয়া হবে। অনুদান বণ্টনের বিষয়ে আমিনুল হক বলেন, সাধারণ ক্যাটাগরিতে প্রতিটি জেলার নির্বাচিত শ্রেষ্ঠ যুব সংগঠনকে এক লাখ টাকা এবং প্রতিটি উপজেলার নির্বাচিত শ্রেষ্ঠ সংগঠনকে ৭৫ হাজার টাকা করে দেওয়া হবে। বিশেষ ক্যাটাগরিতে বৃহৎ প্রভাবসম্পন্ন ও আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প বাস্তবায়নকারী সংগঠনগুলো সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত অনুদান পাবে।
তিনি বলেন, তরুণদের সামাজিক উদ্যোগ টেকসই করা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। আর্থিক সহায়তা পেলে যুব সংগঠনগুলো নিজেদের এলাকায় সামাজিক সমস্যা সমাধান ও কর্মসংস্থান সৃষ্টিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
প্রতিমন্ত্রী জানান, পুরস্কার ও অনুদান কার্যক্রমের নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে মন্ত্রণালয় গুরুত্ব দিয়েছে। গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে জাতীয় দৈনিক সমকাল ও ডেইলি স্টারসহ বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রান্তিক পর্যায়ের তরুণদের কাছে তথ্য পৌঁছে দিতে বিটিআরসির মাধ্যমে মোবাইল ফোনে এসএমএস পাঠানোর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে প্রচারণা চালানো হয়।
জেলা প্রশাসকদের সভাপতিত্বে গঠিত কমিটির মাধ্যমে আবেদন যাচাই-বাছাই ও সুপারিশের পর চূড়ান্ত নির্বাচন করা হয়। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের জন্য আটটি ক্যাটাগরিতে মোট ৪১৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে জেলা পর্যায়ের কমিটি ১৮০টি আবেদন সুপারিশ করে। অন্যদিকে, যুব সংগঠনের প্রকল্পভিত্তিক অনুদানের সাধারণ ও বিশেষ ক্যাটাগরি মিলিয়ে আবেদন জমা পড়ে ১ হাজার ৬০৮টি।
পরবর্তী সময়ে যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের ৫৪তম সভায় আবেদনগুলো পর্যালোচনা করে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। মেধা, কাজের প্রভাব ও স্বচ্ছতার ভিত্তিতে ১৫ জন তরুণ-তরুণীকে পুরস্কার এবং ৪৩২টি যুব সংগঠনকে অনুদানের জন্য নির্বাচিত করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
আগামী ১৭ অক্টোবরের অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের সব জেলার যুব সংগঠনকে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মূল অনুষ্ঠানের পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলা প্রশাসকের কার্যালয় যুক্ত থাকবে।
প্রধানমন্ত্রী নির্বাচিত তিনটি যুব সংগঠনের প্রতিনিধিদের হাতে অনুদানের প্রতীকী চেক তুলে দেবেন। একই সময়ে জেলা প্রশাসকদের ব্যবস্থাপনায় বাকি ৪২৯টি সংগঠনের প্রতিনিধিদের হাতে জেলাভিত্তিক প্রতীকী চেক দেওয়া হবে। প্রতিমন্ত্রী জানান, অনুদানের অর্থ বিতরণে দীর্ঘসূত্রতা এড়াতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে সরাসরি নির্বাচিত সংগঠনগুলোর ব্যাংক হিসাবে অর্থ পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে। চেক প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্বাচিত সংগঠনগুলোর ব্যাংক হিসাবে অর্থ জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ড, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ ও সামাজিক অবদান তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ উদ্যোগের উদ্দেশ্য শুধু পুরস্কার দেওয়া নয়, বরং দেশের বিভিন্ন প্রান্তে কাজ করা তরুণ ও যুব সংগঠনগুলোর সাফল্য সবার সামনে তুলে ধরা। যুবসমাজের ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক অগ্রগতির পথ সুগম করতে সরকার এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে চায় বলেও জানান তিনি।
The post ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ১৫ তরুণ, ৪৩২ যুব সংগঠন পাচ্ছে অনুদান appeared first on ভোরের চেতনা.
