কালবেলা · বিনোদন
৬ দিনে ৫ মিলিয়ন ভিউ পার, প্রশংসায় ভাসছে ‘জোছনায় ফেরা’
২৪/১০/২০২৬

মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে নির্মাতা চয়নিকা চৌধুরীর নতুন নাটক ‘জোছনায় ফেরা’। গত ১৮ অক্টোবর লেজার ভিশন নাটক ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়ার পর মাত্র তিন দিনে নাটকটি ৩০ লাখ ভিউ ছাড়িয়েছিল। বর্তমানে ছয় দিনের মাথায় এর ভিউ গিয়ে ঠেকেছে ৫ মিলিয়নে।
পারিবারিক ও মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে নাটকটি। মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত দাম্পত্য জীবনের চিরচেনা টানাপোড়েন, ভুল বোঝাবুঝি এবং বিশ্বাসের সংকট এর মূল উপজীব্য। বহু বছর পর স্বামীর জীবনে পুরনো প্রেমের মানুষ বা সিনিয়র ক্রাসের আবির্ভাব কীভাবে একটি গোছানো সংসারের বিশ্বাসে ফাটল ধরায়, তা ফুটিয়ে তোলা হয়েছে এতে। তবে বিচ্ছেদের দিকে না গিয়ে পারস্পরিক ভালোবাসার শক্তিতে সংসারে শান্তি ও স্বস্তি ফিরে আসার ইতিবাচক বার্তা দিয়ে নাটকটির সমাপ্তি টানা হয়েছে।
শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান ও দীপা খন্দকার। লেজার ভিশনের ব্যানারে নির্মিত এই নাটকের মূল গান ‘তুই সব থেকে দামি’ গেয়েছেন কোনাল। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন এবং সুর করেছেন রিজওয়ান শেখ।
চয়নিকা চৌধুরীর চিরচেনা নান্দনিক ফ্রেম এবং আবেগঘন সংলাপের মেলবন্ধন নাটকটিকে আলাদা করে তুলেছে। সম্পর্কের জটিলতাকে সস্তা মেলোড্রামায় রূপ না দিয়ে অত্যন্ত সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। স্বামী ও স্ত্রীর ভূমিকায় ইরফান সাজ্জাদ ও আইশা খানের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষ করে সন্দেহের দোলাচলে ভোগা স্ত্রীর মানসিক অবস্থা নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন আইশা। পাশাপাশি দীপা খন্দকারের উপস্থিতি গল্পটিকে আরও সমৃদ্ধ করেছে। নাটকের আবহ সংগীত ও কোনালের গান আবেগঘন মুহূর্তগুলোকে করেছে আরও প্রাণবন্ত।
ইউটিউবের মন্তব্য ঘরে দর্শক নাটকটির গল্প ও নির্মাণশৈলীর ভূয়সী প্রশংসা করছেন। ওটিটি ও ওয়েবের যুগে যেখানে অনেক নাটকে সস্তা কমেডি বা সুড়সুজির আশ্রয় নেওয়া হয়, সেখানে ‘জোছনায় ফেরা’ একটি পারিবারিক ও রুচিশীল বিনোদনের উদাহরণ তৈরি করেছে। বাস্তবসম্মত ও সাধারণ গল্প সঠিকভাবে উপস্থাপন করলে দর্শক যে তা সানন্দে গ্রহণ করে, এই নাটকটি তারই প্রমাণ।
মূল প্রতিবেদনে যান ↗