মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছে ইন্ডি জোট। কিন্তু পিটিশন দায়েরের ফি বাবদ ২২০ টাকা জমাই দেননি রাহুল গান্ধীরা! এছাড়াও একগুচ্ছ ভুলভ্রান্তি রয়েছে বিরোধীদের জমা করা পিটিশনে। ফলে মঙ্গলবার এই পিটিশনের শুনানি হচ্ছে না। অন্যদিকে, ১০ অক্টোবর ককরোচদের কর্মসূচিতে ব্যাপক ধরপাকড়ের ঘটনাতেও একগুচ্ছ পিটিশনের শুনানি ছিল মঙ্গলবার। কিন্তু সেগুলিও বাতিল হয়েছে।
১০ অক্টোবর ককরোচদের কর্মসূচির আগে দিল্লিকে দুর্গে পরিণত করা হয়েছিল। মেট্রো-রেল স্টেশন বন্ধ করে, একাধিক রাস্তায় ব্যারিকড করে দিয়েছিল পুলিশ। শহরজুড়ে অন্তত ২৬ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল। শুধু তাই নয়, ওইদিন বহু প্রতিবাদীকে আটক করা হয়। আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতন, মারধরের অভিযোগ উঠেছে। কংগ্রেসের দাবি, বহু দুষ্কৃতীরাও এই ভিড়ে মিশে গিয়ে প্রতিবাদীদের হেনস্তা করেছে। এমন বহু ঘটনা নিয়ে অন্তত ১২টি পিটিশন দায়ের হয় সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সব পিটিশন একত্রিত করে শুনানি হওয়ার কথা ছিল।
প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল এদিন। কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন বিচারপতি ভি মোহানা। তাই এদিন শুনানি হয়নি। আগামী বৃহস্পতিবার এই মামলাগুলির শুনানি হতে পারে। সেই সময়টুকু দেওয়া হয়েছে দিল্লি পুলিশকে। প্রধান বিচারপতি জানিয়েছিলেন, ১০ অক্টোবরে আমজনতার যানবাহন ব্যবহারে লাগাম টানা যাবে না। ট্রেন-মেট্রো পুরোপুরি বন্ধ করা যাবে না। কিন্তু সেই নির্দেশ পুরোপুরি মানেনি দিল্লি পুলিশ। কেন অমান্য করেছে, সেই প্রশ্নের জবাব দিতে দিল্লি পুলিশ বুধবার বিকেল পর্যন্ত সময় পেল।
অন্যদিকে, রাহুলের দায়ের করা পিটিশনে ১৪টি ত্রুটি রয়েছে। শুধু তাই নয়, পিটিশন বাবদ যে কোর্ট ফি লাগে তা-ও কম দেওয়া হয়েছে। ২২০ টাকার ঘাটতি রয়েছে বলে জানিয়েছে শীর্ষ আদালত। ফলে মঙ্গলবার শুনানি হয়নি এই মামলায়। প্রধান বিচারপতি জানিয়েছেন, যাবতীয় ত্রুটি সংশোধন করতে হবে। সেকথা মেনেও নিয়েছে ইন্ডি জোট। ভুল শুধরানোর প্রক্রিয়া চলছে বলেও জানা গিয়েছে। এই মামলার শুনানিও বৃহস্পতিবার হতে পারে।
