প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ রোববার (২৫ অক্টোবর)। ১৯৯৫ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি।
জাইমা রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকার ইন্টারন্যাশনাল স্কুলে। পরে যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। ২০১৯ সালে যুক্তরাজ্যের ইনার টেম্পল থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন।
২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হন জাইমা। এর আগে তিনি দেশের একটি আইন প্রতিষ্ঠানে কাজ করেন। একই বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশ নেন তিনি। একই বছর নভেম্বরেও দলের একটি সভায় যোগ দেন।
পেশাগত কাজের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা সামাজিক উন্নয়ন সংস্থা সুরভীর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন জাইমা রহমান।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান আইন, শিক্ষা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কাজের মাধ্যমে ভবিষ্যতে আরও ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা জানিয়েছেন তাঁর শুভানুধ্যায়ীরা।
