বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে খোলাচিঠি লিখেছেন চাটখিল পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা। গত শুক্রবার তৃণমূল পর্যায়ের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের খোঁজখবর ও যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ চিঠিটি প্রকাশ করেন। চিঠিটি প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। খোলাচিঠিতে যুবদল নেতা মাসুদ উল্লেখ করেন, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে শুধু কেন্দ্রীয় নেতারাই ত্যাগ স্বীকার করেননি; তৃণমূল পর্যায়ের অসংখ্য নেতাকর্মীও প্রতিনিয়ত মামলা, হামলা, নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন। দলের দুঃসময়ে অনেকে নিজেদের পরিবার, ব্যক্তিগত জীবন ও জীবিকার কথা উপেক্ষা করে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের মূল্যায়নের দাবি তুলে তিনি প্রশ্ন করেন, কেন্দ্রীয় পর্যায়ের নেতারাই যদি শুধু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পান, তা হলে ত্যাগী নেতাকর্মীদের দুঃখ-কষ্ট, ত্যাগ ও অবদানের কথা কে তুলে ধরবে? চিঠিতে তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, দুঃসময়ে যারা রাজপথে লড়েছেন, সুসময়েও যেন তাদের যথাযথ মূল্যায়ন করা হয়।