নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি এ মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ মামলার শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে সকালে সশরীরে আদালতে হাজির হন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলাটিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ১ নম্বর আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমান। মামলাটিতে এজাহারনামীয় মোট আসামি ৯৯ জন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, আদালতের শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় 'জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না' এবং 'জয় বাংলা স্লোগান দেন'। পরে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
আসামিপক্ষের আইনজীবী আওলাদ হোসেন জানান, আজকে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং মেয়র আইভীর পুনর্জামিনের দিন ধার্য ছিল। আমরা আদালতে পুর্নজামিনের আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন।
