হাটহাজারী উপজেলার চিকনদণ্ডীতে ব্যাটারিচালিত অটো-রিক্সা চালক আব্দুল নুর তুষার (২২) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ।
দুই শতাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও ধারাবাহিক অভিযান চালিয়ে এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ছিনতাই হওয়া অটো-রিক্সার তিনটি ব্যাটারিসহ বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে।
হাটহাজারী মডেল থানা পুলিশের তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর বিকেল সোয়া ৫টার দিকে চিকনদণ্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে যোগীরহাট থেকে খন্দকিয়া বাজারগামী সড়কের পাশের একটি বিলের পানিতে তুষারের মরদেহ পাওয়া যায়। তাঁর গলায় রশি ও গামছা প্যাঁচানো ছিল। এ সময় তাঁর ব্যবহৃত ব্যাটারিচালিত অটো-রিক্সাটির সন্ধান পাওয়া যায়নি।
তদন্তে পুলিশ জানতে পারে, অটো-রিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে তুষারকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বিলের পানিতে ফেলে দেওয়া হয়। পরে ছিনতাই করা অটো-রিক্সাটি বিক্রির চেষ্টাও করা হয় বলে তদন্তসংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে।
মামলার তদন্তে দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের চলাচলের পথ শনাক্ত করে পুলিশ। এর ধারাবাহিকতায় গত ৭ অক্টোবর একজনকে গ্রেপ্তার করা হয়। পরে ১৫ ও ১৬ অক্টোবর পৃথক অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৭
জনে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অটো-রিক্সাটির ব্যাটারিসহ বিভিন্ন অংশ হত্যাকাণ্ড ও ছিনতাইয়ের ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পলাতক অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
The post হাটহাজারীতে তুষার হত্যাকান্ডে জড়িত ৭ জন গ্রেফতার appeared first on Dhaka Protidin.
