ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রক্তশূন্যতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন তিনি।
আজ সকাল থেকে হাসপাতালের কেবিনে মিজানুর রহমান মিনুর চিকিৎসা চলছে। রক্তশূন্যতায় তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
মিজানুর রহমান মিনুর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন। তিনি বলেন, কয়েকদিন ধরেই মন্ত্রী অসুস্থতাবোধ করছিলেন। গতকাল মঙ্গলবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন। এরপর আজ সকালে তিনি অসুস্থতা বোধ করলে রামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ইতোমধ্যে তাকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তিনি নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে মিজানুর রহমান মিনু সিঙ্গাপুরে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে দেশে ফেরেন।
আজ সন্ধ্যায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, ‘আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি, যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।’
এদিকে, ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাকে হাসপাতালে দেখতে ছুটে যান রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন, স্বাস্থ্য সচিব ড. আ ন ম বজলুর রশীদ, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি ওয়ালিউল হক রানা, জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ অন্যান্যরা।
