বিজয় দেবেরাকোন্ডাকে বিয়েতে রাজি করাতে এক বছর ধরে চেষ্টা করেছিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। শুধু তা-ই নয়, শতবারেরও বেশি বিয়ের প্রসঙ্গ তুলেছিলেন তিনি। সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের একটি পর্বের ট্রেলারে নিজেদের বিয়ে নিয়ে এমন মজার তথ্য জানিয়েছেন এই তারকা দম্পতি।
প্রকাশিত ট্রেলারে করণ জোহর বিজয়কে প্রশ্ন করেন, রাশমিকাকে বিয়ের প্রস্তাব কি তিনিই প্রথম দিয়েছিলেন? উত্তরে রাশমিকা মাথা নেড়ে ‘না’ বলেন। এরপর বিয়ের পেছনের গল্প তুলে ধরেন বিজয়। হাসতে হাসতে বিজয় বলেন, ‘সেই প্রথম বলেছিল, চলো আমরা বিয়ে করে নিই।’ এরপর করণের দিকে তাকিয়ে তিনি যোগ করেন, ‘ও আমাকে অন্তত ১০০ বার এই একই কথা বলেছে।’
বিজয়ের কথা শুনে রাশমিকাকে সরাসরি প্রশ্ন করেন করণ। সত্যিই কি শতবার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি? জবাবে রাশমিকা স্বীকার করেন, ‘আমি এক বছর ধরে ওর পেছনে লেগেছিলাম।’ রাশমিকার এমন স্বীকারোক্তিতে অবাক হন করণ। অন্যদিকে, বিষয়টি নিয়ে মজা করতে ছাড়েননি বিজয়ও। বিয়ের সিদ্ধান্ত নিতে সময় নেওয়া এবং সঙ্গীকে অপেক্ষায় রাখার বিষয়টি নিয়ে হাস্যরস করেন তিনি।
অনুষ্ঠানে বিয়ের গল্পের পাশাপাশি উঠে আসে আরও নানা মজার মুহূর্ত। দ্রুত প্রশ্নোত্তর পর্বে রাশমিকাকে আল্লু অর্জুন ও রণবীর কাপুরের মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে তিনি আল্লু অর্জুনের নাম নেন।
অন্যদিকে, রাশমিকা ছাড়া আর কোন অভিনেত্রীর সঙ্গে পর্দায় বিজয়ের রসায়ন সবচেয়ে ভালো—করণের এমন প্রশ্নের উত্তর দেওয়ার আগেই রাশমিকা বলে ওঠেন, ‘কারও সঙ্গেই না।’ স্ত্রীর কথায় সায় দিয়ে বিজয় হাসতে হাসতে বলেন, ‘সংসার জীবনের প্রথম নিয়ম হলো, স্ত্রীর সব কথায় সায় দেওয়া!’
২০১৮ সালে মুক্তি পাওয়া তেলেগু রোমান্টিক সিনেমা ‘গীত গোবিন্দম’-এ প্রথমবার একসঙ্গে অভিনয় করেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতেও তাঁদের রসায়ন দর্শকের নজর কাড়ে। এরপর থেকেই তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি তাঁরা। অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে তেলেগু ও কোডাভা ঐতিহ্য মেনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি।
বাস্তব জীবনের পাশাপাশি পর্দাতেও আবার একসঙ্গে দেখা যাচ্ছে বিজয় ও রাশমিকাকে। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত পিরিয়ড অ্যাকশনধর্মী সিনেমা ‘রণবলী’তে অভিনয় করেছেন তাঁরা। গত ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি বাণিজ্যিকভাবেও ভালো সাড়া পাচ্ছে বলে জানা গেছে।
The post বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা appeared first on ভোরের চেতনা.
