বোয়ালখালীতে ৯ হাজার ১৫০ পিস ইয়াবাসহ মো. তসলিম (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে এসআরবি–৭। জব্দ হওয়া ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা। গতকাল শুক্রবার এসআরবি–৭ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার আকুবদন্ডি গ্রামে অভিযান চালিয়ে তসলিমকে গ্রেপ্তার করা হয়। তিনি বোয়ালখালী উপজেলার সৈয়দপুর এলাকার কোরবান আলী বাড়ির মো. জাফর মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আকুবদন্ডি গ্রামে মাদক বিক্রির উদ্দেশে কয়েকজন অবস্থান করছে বলে জানতে পারে এসআরবি–৭। পরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তসলিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
এসআরবি–৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
