সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয় বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ।
Published : 16 Oct 2026, 02:27 PM
Updated : 16 Oct 2026, 02:27 PM
গাজীপুরে মাদকসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয় বলে শুক্রবার সকালে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, ছানোয়ার হোসেন হৃদয় (২৩), শুভ (২০) ও ইয়াসিন (২৬)।
ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার বিকালে জয়দেবপু্র রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় একটি ও মাদকসহ আটকের ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় আরেকটি মামলা হয়েছে। আহত পুলিশ সদস্য এটিএসআই নুরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন।
হামলার পরপরই গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ যৌথভাবে জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে।
পরে হামলার সময় সিসি ক্যামেরায় উপস্থিতি পাওয়া তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন বলেন, মাদকসহ দুজনকে আটক করা হয়েছিল, তাদেরও এ হামলা ও মাদকের দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
ইতিমধ্যে গাজীপুর সদর মেট্টো থানা পুলিশ আসামিদের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের ঢাকার আদালতে তোলা হবে বলেও জানান ওসি।
আগের সংবাদ
মাদক কারবারিকে ছিনিয়ে নিতে গাজীপুরে ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য
