গাজীপুরের টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মা-বাবার পর মেয়ে তানিশা (১৬) মারা গেছে।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বুধবার গুরুতর দগ্ধ অবস্থায় লাল চান মিয়া (৬০), তার স্ত্রী নাসিমা (৫০) ও তাদের মেয়ে তানিশাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ওইদিনই রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় লাল চান ও নাসিমা মারা যান। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল তানিশা। আজ সকালে মেয়েটির মৃত্যুর খবর জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত ২১ অক্টোবর সকাল ৭টার দিকে টঙ্গীর মুদাফা এলাকায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের তিনজন।
