প্রকাশিত: ১৪:৪১, ২২ অক্টোবর ২০২৬
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে চিকিৎমা দেওয়া হচ্ছে
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার পুরাতন বাখরবা গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পুরাতন বাখরবা গ্রামের সামাজিক মাতুব্বর আনু মন্ডল ও বকুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আজ সকালে গরুতে জমির ধান খাওয়ার প্রতিবাদ করায় আনু মন্ডলের সমর্থক প্রবাসী মনি বিশ্বাসের স্ত্রী শামেলা খাতুনকে মারধর করে বকুল বিশ্বাসের লোকজন। এরই জেরে আনু মন্ডল ও বকুল বিশ্বাসের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত সাতজন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্যা বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
