আসন্ন মহাকাব্যিক সিনেমা 'রামায়ণ' মুক্তির আগে দীপাবলি স্পেশাল পর্বে অমিতাভ বচ্চনের 'কৌন বনেগা ক্রোড়পতি'র সেটে হাজির হয়েছিলেন পর্দার রাম তথা বলিউড অভিনেতা রণবীর কাপুর। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সীতা অভিনেত্রী সাই পল্লবী এবং অভিনেতা রবি দুবে।
ইতিমধ্যেই সেই বিশেষ পর্বের একটি ঝলক প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, হাসি-ঠাট্টায় ভরপুর দীপাবলি স্পেশাল পর্বে অমিতাভ বচ্চনের সঙ্গে কথোপকথনের সময় রণবীর জানতে চাইছেন, তাঁর দীপাবলির কোনও বিশেষ স্মৃতি মনে আছে কি না।
তখন স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই মুচকি হেসে বর্ষীয়ান অভিনেতা বলেন, "দীপাবলির কথা শুধু এটুকুই মনে পড়ে, তখন প্রতিবেশীর বাড়িতে বাজি ফাটানো হলে, আমাদের বাড়িতে আরও বেশি জোরে বাজি ফাটানো হত।"
অমিতাভ বচ্চনের মতো অভিনেতার মুখে এমন দুষ্টুমির গল্প শুনে হাসি চাপতে পারেননি কেবিসির মঞ্চে উপস্থিত রণবীর ও সাই পল্লবী। জানা যাচ্ছে, 'কৌন বনেগা ক্রোড়পতি'র দীপাবলি স্পেশাল এই পর্বটি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে আগামী ২৯ ও ৩০ অক্টোবর।
https://youtu.be/TTaC77AoBTQ?si=2j8vcRTQg0wR1UG0
অভিনয়ের পাশাপাশি বরাবরই সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় থাকেন বিগ বি। তাই তাঁর প্রতিটি পোস্টের দিকেই নজর থাকে অনুরাগীদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে বিশ্রাম নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিনেতা। এক্স হ্যান্ডেলে ওই পোস্ট করার প্রায় এক দিন পরেই আসে আরও একটি বড় খবর। অমিতাভ বচ্চনের বাড়ি গ্রেনেড হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই কেবিসির মঞ্চে বর্ষীয়ান অভিনেতাকে ছোটবেলার স্মৃতি নিয়ে রসিকতা করতে দেখে হাসি ফুটেছে অনুরাগীদের মুখেও।
