বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফিতে ফাইনালে ওঠার শেষ সুযোগ ছিল মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি। সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়ে ঘরের মাঠে শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের মেয়েরা।
শুরুতেই বাংলাদেশের জালে বল পাঠিয়ে চমক দেখিয়েছিল মালদ্বীপ। তবে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে সমানে সমান লড়াই করেছে তারা। কিন্তু প্রথমার্ধে পিছিয়ে পড়ার বড় ব্যবধান আর পেরোনো হয়নি। তাতে মালদ্বীপকে হারিয়ে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশের মেয়েরা।
মঙ্গলবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ১৬-৫ গোলে এগিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। বিরতির পর বাংলাদেশ ১৭ গোল করলেও মালদ্বীপ জবাব দিয়েছে ১৫ গোলে। তবে প্রথমার্ধের ১১ গোলের ব্যবধানই শেষ পর্যন্ত দুই দলের পার্থক্য গড়ে দেয়। বাংলাদেশের মোসাম্মত সানজিদা আক্তার করেছেন সর্বোচ্চ ৮ গোল। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
আগামী বৃহস্পতিবার বেলা ৩টায় আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে বুধবার দুপুর ২টায় ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মুখোমুখি হবে মালদ্বীপ ও নেপাল।
