ডেস্ক রিপোর্ট: যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
২৩ অক্টোবর শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বড় মেঘলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন হলেন মণ্ডলগাতী এলাকার শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন এবং শংকরপুর এলাকার আরিফুল ইসলাম জয়। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একটি মোটরসাইকেলে মণ্ডলগাতী থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথে নতুনহাট মোড় পার হয়ে বড় মেঘলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে যশোরগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করেন। পরে তাঁদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আনোয়ার হোসেন জানান, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ভর্তি করা হয়েছে। অপর একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এটিভি/এসআইআর
