রাজশাহীতে সংযোগ সড়ক ও ফ্লাইওভারের উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। আজ বুধবার দুপুরে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) আয়োজনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করেন তিনি।
এদিন রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে সড়কের নম্বরসংবলিত পিলার স্থাপন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।
সম্প্রতি রাজশাহীতে এক ভবনমালিকের বিরুদ্ধে আরডিএ চেয়ারম্যানকে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাকারিয়া তাহের বলেন, ‘প্রধানমন্ত্রীর একটাই নির্দেশনা, আমরা স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে প্রশাসন পরিচালনা করব।’
ভবন নির্মাণের ক্ষেত্রে কেউ আইনবহির্ভূত কাজ করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় সড়কের নম্বরসংবলিত পিলার স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, উন্নত বিশ্বের শহরগুলোর আদলে রাজশাহীর প্রতিটি ওয়ার্ডের প্রতিটি সড়কে নম্বরসংবলিত পিলার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পিলার স্থাপনের কাজ শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যে পুরো নগরীতে এ কার্যক্রম সম্পন্ন করা হবে।
পরে মন্ত্রী কাশিয়াডাঙ্গা রেলক্রসিং-সংলগ্ন প্রান্তিক আবাসিক এলাকার উদ্বোধন করেন। সেখানে একটি আমগাছের চারা রোপণ করেন তিনি। এ ছাড়া আবাসিক এলাকার পুকুরে মাছের পোনাও অবমুক্ত করেন।
এরপর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে রাজশাহী বাইপাস সড়ক পর্যন্ত সংযোগ সড়ক ও ফ্লাইওভারের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী। উদ্বোধন শেষে সেখানে বৃক্ষরোপণ করেন তিনি। পরে রাজশাহী নগরীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন চলমান এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
