প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবি নিয়ে ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করার ঘটনায় আবু বকর সিদ্দিক নামে এক যুবককে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৩ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক মো. ইয়াছিন পাইক আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে বলা হয়, মন্তব্যের পেছনে কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী, অস্ত্র সরবরাহকারী চক্র কিংবা অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি ডিজিটাল আলামত উদ্ধার এবং মামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতেও তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার।
মামলার নথি অনুযায়ী, গত ২১ অক্টোবর ফেসবুকের ‘দ্য বিউটি অব রাজশাহী’ গ্রুপে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী একটি বাসের তিনটি ছবি প্রকাশ করা হয়। পোস্টে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বুলেটপ্রুফ বাসের পরিবর্তে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস ব্যবহারের বিষয়ে প্রশ্ন তোলা হয়েছিল।
ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি আইডি থেকে স্নাইপার নিয়ে মন্তব্য করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আইডির ব্যবহারকারীকে শনাক্ত করে রাজশাহী মহানগরীর পবা থানার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া এলাকা থেকে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে রমনা থানায় মামলা করেন ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপপরিদর্শক মো. মানিক হোসেন। গ্রেপ্তারের সময় আটক আবু বকর সিদ্দিকের বাবা আয়নাল হককে প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়।
মামলার তদন্তের অংশ হিসেবে এখন আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
