রাজবাড়ীর বালিয়াকান্দিতে নীতিমালা লঙ্ঘন করে এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে ৪০ বস্তা ইউরিয়া সার পরিবহনের সময় নসিমন গাড়িসহ এক সার ডিলারকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সংশ্লিষ্ট ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জঙ্গল ইউনিয়ন এলাকায় এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ডিলারের নাম আমিরুল ইসলাম, তিনি জঙ্গল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ইউরিয়া সার ডিলার।
স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গল ইউনিয়নের ডিলার পয়েন্ট থেকে ৪০ বস্তা ইউরিয়া সার নসিমন গাড়িতে করে পাশের নবাবপুর ইউনিয়নে নিয়ে যাওয়া হচ্ছিল। পরিবহনকালে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা গাড়িটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। সারগুলো অন্য ইউনিয়নে নেওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে তারা গাড়িটি আটকে রেখে উপজেলা প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ ঘটনাস্থলে যান। পরে সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’ অনুযায়ী ডিলার আমিরুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। জব্দকৃত ৪০ বস্তা সার পুনরায় জঙ্গল ইউনিয়নের ডিলার পয়েন্টে ফেরত পাঠানো হয়।
ঘটনার বিষয়ে বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ জানান, ঘটনাটি সরাসরি এক জেলা বা উপজেলা থেকে অন্য স্থানে পাচার নয়, তবে এক ইউনিয়নের বরাদ্দকৃত সার নিয়মবহির্ভূতভাবে অন্য ইউনিয়নে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রশাসনিক ও কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অবৈধ সার পরিবহনকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা দেওয়া হয়েছে। কৃষিপণ্যের সঠিক বণ্টন ও শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের এমন নজরদারি অব্যাহত থাকবে।
জেএইচআর
