কালবেলা · খেলাধুলা
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন কোচ পোলার্ড
২৪/১০/২০২৬

আইপিএল ২০২৭ আসরের আগে মুম্বাই ইন্ডিয়ানসের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কাইরন পোলার্ড। ২০২৩ আসরের আগে লিগ থেকে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর গত চার মৌসুম ধরে দলটির ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছিলেন তিনি। গত সপ্তাহে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে সম্পর্কচ্ছেদ করা মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হলেন তিনি।
২০১০ সালের আসরের আগে প্রথম খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই মুম্বাই ইন্ডিয়ানস এবং এর সহযোগী ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে পোলার্ডের। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালের আইপিএলের এই পাঁচটি শিরোপা জিতেছেন তিনি। পাশাপাশি ২০১১ ও ২০১৩ সালের দুটি সিএলটি২০ (চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি) জয়েরও সদস্য ছিলেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। আইপিএলে ১৮৯টি ম্যাচ খেলে ১৪৭.৩২ স্ট্রাইক রেটে ৩,৪১২ রান করার পাশাপাশি ৬৯টি উইকেট শিকার করেছেন তিনি। ২০২২ সালের আসরে তিনি শেষবারের মতো খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন, এরপর ব্যাটিং কোচের দায়িত্ব নেন এবং এবার তাকে প্রধান কোচ হিসেবে উন্নীত করা হলো।
এক বিবৃতিতে পোলার্ড বলেন, মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান কোচের দায়িত্ব পাওয়াটা দারুণ সম্মানের। মুম্বাই ইন্ডিয়ানস আমার জীবন এবং ক্যারিয়ারের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে এবং এই দল, খেলোয়াড় ও ফ্যানদের সঙ্গে আমার যে বন্ধন, তা আমার কাছে ভীষণ অর্থবহ। একজন খেলোয়াড় এবং পরবর্তীতে কোচ হিসেবে এই যাত্রার অভিজ্ঞতা নেওয়ার সুবাদে মুম্বাই ইন্ডিয়ানস আসলে কী প্রতিনিধিত্ব করে এবং নীল ও সোনালি জার্সি গায়ে জড়ানোর দায়িত্ব কতটা বড়, তা আমি ভালোভাবেই উপলব্ধি করতে পারি।
তিনি আরও বলেন, খেলোয়াড় ও সহায়ক স্টাফদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা, দলের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করা, আমাদের প্রতিভাবানদের গড়ে তোলা এবং সমর্থকদের উদযাপনের আরও অনেক উপলক্ষ এনে দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি।
দলের মালিক নীতা আম্বানি বলেন, মাত্র ২২ বছর বয়সে তরুণ পোলার্ড মুম্বাই ইন্ডিয়ানস পরিবারে যোগ দিয়েছিল এবং গত ষোলো বছরে সে আমাদের পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। একজন খেলোয়াড় হিসেবে সে আমাদের অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে এবং একজন কোচ হিসেবে সে তার অভিজ্ঞতা, আবেগ ও খেলার গভীর বোঝাপড়াকে দলের সঙ্গে ভাগ করে চলেছে।
তিনি আরও যোগ করেন, পলি খুব ভালোভাবেই জানে মুম্বাই ইন্ডিয়ানসের জার্সি গায়ে চড়ানোর অর্থ কী। আমার পূর্ণ আস্থা আছে, এই নতুন দায়িত্বেও সে তার একই রকম প্রতিশ্রুতি, বিশ্বাস এবং দৃঢ়তা বজায় রাখবে। দলের এই নতুন অধ্যায়ে তার নেতৃত্ব সফল হোক, এই কামনা করি।
মূল প্রতিবেদনে যান ↗