পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ়ে রানের বন্যা দেখা যাচ্ছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে চারশোর বেশি রান তুলেছে হেরেছে ইংল্যান্ড। পাকিস্তানও দু’টি ম্যাচে তিনশোর বেশি রান তুলেছে। তবে তারা দু’টিতেই জিতেছে। এক দিনের ক্রিকেটে যে ভাবে রানের পরিমাণ বাড়ছে তাতে কিছুটা আশঙ্কিত পাকিস্তানের পেসার হ্যারিস রউফ। তিনি চান, দলের ব্যাটারেরা আগে ৩৫০ রান তুলুক। তার পর বোলারেরা সেই রান রক্ষা করুক।
ইংল্যান্ড ম্যাচের আগে রউফ বলেছেন, “৩০০ রান ধরে রেখে জেতা ভাল ব্যাপার। আমাদের লক্ষ্য হল বোলিং বিভাগ যাতে ধারাবাহিক ভাবে ভাল খেলে। যখন বাকি দলগুলো ৩০০-৪০০ রান তুলছে, তখন আমাদের ব্যাটারদেরও উচিত ৩৫০ রান তোলা এবং সেটাকে ধরে রাখা।” অর্থাৎ ব্যাটারেরা যে ৩৫০ রান তুলতে পারেন, সেই আত্মবিশ্বাস শোনা যায়নি রউফের গলায়। কারণ দু’টি ম্যাচেই ৩০০ রান তুলতে গিয়ে পাকিস্তানের ইনিংস প্রায় শেষ হয়ে গিয়েছে।
বিপক্ষ ৩০০ তুললেও কী ভাবে তা ধরে রাখা যায়? রউফের মতে, মাঝের দিকের ওভারগুলিতে বিপক্ষের ব্যাটারদের রান আটকাতে পারলে এবং জুটি গড়তে না দিলেই জেতা সম্ভব। বলেছেন, “মাঝের দিকের ওভারগুলোয় আরও বেশি উইকেট নিতে হবে। কারণ বিশ্বের যে প্রান্তেই খেলুন না কেন, রান উঠবেই। কারণ ক্রিকেট এখন বদলে গিয়েছে।”
রউফের সংযোজন, “নাসিম এবং শাহিনের সঙ্গে জুটি বেঁধে আমার লক্ষ্য থাকে উইকেট নেওয়া। এটা দলগত খেলা। তাই একে অপরের পাশে থাকতেই হবে।”
