Published : 12 Oct 2026, 03:42 PM
Updated : 12 Oct 2026, 03:42 PM
দুর্গাপূজা উপলক্ষে দ্বৈত গান নিয়ে আসছেন সংগীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ।
‘মায়াবী জ্যোত্স্না রাতে’ শিরোনামের গানটিতে তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সমরজিতের সংগীত প্রতিষ্ঠান সুরছায়ার ছয় শিক্ষার্থী। তারা হলেন মৌসুমী, ঐশী, প্রতিমা, অর্ণি, অর্চিশা ও মিতা।
গানটির কথা লিখেছেন সঞ্জয় রায়। সুর, সংগীতায়োজন ও সংগীত পরিচালনায় রয়েছেন সমরজিৎ রায়।
গানটি নিয়ে সমরজিৎ রায় বলেন, “সুরছায়ার শিক্ষার্থীরা খুব যত্ন নিয়ে কোরাস ও সরগমের অংশগুলো গেয়েছে। একজন শিক্ষক হিসেবে নিজের শিক্ষার্থীদের একটি মৌলিক ও পেশাদার সংগীত প্রযোজনায় যুক্ত করতে পারাটা আমার জন্য বিশেষ আনন্দের।
“প্রিয়াংকা বরাবরের মতই অসাধারণ গেয়েছেন। সব মিলিয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আমরা আশাবাদী।”
আগামী ১৪ অক্টোবর আন্তর্জাতিক বিভিন্ন অনলাইন সংগীত প্ল্যাটফর্মে প্রকাশ পাবে ‘মায়াবী জ্যোত্স্না রাতে’।
আইটিউনস ও স্পটিফাইয়ের পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মেও শোনা যাবে গানটি।
একই দিনে সমরজিৎ রায়ের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানের মিউজিক ভিডিও।
