ঝিনাইদহ সদর উপজেলার কামতা পূর্বপাড়া গ্রামে মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে জাকিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিজ বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে বলে নিহত জাকিয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিহত জাকিয়া মধুহাটী ইউনিয়নের কামতা গ্রামের জাফিরুল ইসলামের কন্যা।
নিহত শিশুর ফুফা সাবদার হোসেন জানিয়েছেন, বাড়ির পাশের রাস্তার ধারে প্রতিবেশী অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল জাকিয়া। এ সময় একটি ট্রাক্টর ঘটনাস্থলে পৌঁছালে শিশুটি হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে এবং ট্রাক্টরটির নিচে চাপা পড়ে। ফলে ঘটনাস্থলেই জাকিয়ার করুণ মৃত্যু হয়।
বিজ্ঞাপন
মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, শিশুটি রাস্তার পাশে খেলা করছিল। এ সময় ট্রাক্টরের হর্ন শুনে সে রাস্তা পার হতে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে এবং রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাক্টর চালক কামতা গ্রামের নজরুলের ছেলে মাসুদ এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এদিকে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ট্রাক্টর চালক মাসুদ পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ
