The Sangbad · সাধারণ
সংবাদকর্মীর পুকুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
১৫/১০/২০২৬

নওগাঁর পত্নীতলায় এক সপ্তাহের ব্যবধানে স্থানীয় এক সংবাদকর্মীর দুটি লিজ নেওয়া পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সংবাদকর্মীর আনুমানিক ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার নজিপুর ইউনিয়নের খোদাবড়াইল মৌজায় অবস্থিত পুকুরটিতে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। এর আগে গত এক সপ্তাহ আগে যোগীবাড়ি মৌজায় অবস্থিত তার অপর একটি পুকুরেও একই কায়দায় বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলে দুর্বৃত্তরা।ভুক্তভোগী আবু সাঈদ পত্নীতলা উপজেলার যোগীবাড়ি গ্রামের বাসিন্দা এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আবু সাঈদ গ্রামের দুটি পুকুর লিজ নিয়ে রুই, কাতলাসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ চাষ শুরু করেন। বুধবার রাতের কোনো একসময় খোদাবড়াইল মৌজার পুকুরটিতে বিষ ঢেলে দেয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুকুরে গিয়ে তিনি দেখতে পান চাষ করা সব মাছ মরে ভেসে উঠেছে।সংবাদকর্মী আবু সাঈদ জানান, এক সপ্তাহের ব্যবধানে পরপর দুটি পুকুরে বিষ দিয়ে তার ১৫ লাখ টাকার ক্ষতি করা হয়েছে। এতে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।এ প্রতিবেদন লেখা পর্যন্ত পত্নীতলা থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।
মূল প্রতিবেদনে যান ↗