নিজস্ব প্রতিবেদক
যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নতুনহাট মোড় পার হয়ে বড় মেঘলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—যশোর সদর উপজেলার মণ্ডলগাতী এলাকার শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৯) এবং অপরজনের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম আরিফুল ইসলাম জয় (২০), পিতা: শহিদুল ইসলাম, ঠিকানা: পিয়ারী মোহন রোড, বেজপাড়া, শংকরপুর, যশোর পৌরসভা। তবে তৃতীয় নিহত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
আহতরা হলেন—মণ্ডলগাতী এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক (২০) এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত (১৯)। তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একটি মোটরসাইকেলে করে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাঁদের মোটরসাইকেলটি নতুনহাট মোড় পার হয়ে বড় মেঘলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল দুটি হলো যশোর ল-১২-৭৭৩৪ নম্বরের একটি পালসার এবং নড়াইল ল-১১-১৭৩৬ নম্বরের একটি হোন্ডা হরনেট। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহত সিয়াম হোসেন বেনাপোলগামী মোটরসাইকেলের আরোহী ছিলেন এবং অপর দুই নিহত ব্যক্তি যশোরগামী মোটরসাইকেলের আরোহী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, নিহতদের একজনের পকেট থেকে আরিফুল ইসলাম জয় নামের একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ ছাড়া তৃতীয় নিহতের পরিচয় শনাক্ত ও স্বজনদের সন্ধান পেতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।
নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
