চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলা ও এক যুবককে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছয় বোতল বিদেশি মদ ও একটি ধারালো হাসুয়া জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার সদাশিবপুর চৌধুরীপাড়া এলাকার মৃত রুস্তম আলীর ছেলে খোকন (৩৮) ও নাহিদ ইসলাম রিপন ভুট্টু (৩২)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর কামারপাড়া এলাকায় অভিযান চালায় শিবগঞ্জ থানা-পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঁচজন পালানোর চেষ্টা করেন। স্থানীয় রিমন আলী (২১) তাদের আটকানোর চেষ্টা করলে খোকন ধারালো হাসুয়া দিয়ে তার বুকের বাঁ পাশে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে তিন বোতল সিগ্রামস রয়্যাল স্ট্যাগ ও তিন বোতল আইকনিক হোয়াইট বিদেশি মদ এবং কাঠের হাতলযুক্ত একটি ধারালো হাসুয়া জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।
পরে রাত প্রায় ২টার দিকে অভিযান চালিয়ে খোকন ও নাহিদ ইসলাম রিপন ভুট্টুকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অজ্ঞাত নামা জাহাঙ্গীর নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি জানান, এ ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক বাকি দুই অজ্ঞাতনামা আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
