হাঙ্গেরির সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি (সিইইউ) ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন আহ্বান করেছে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পূর্ণ আর্থায়িত এবং স্নাতক পর্যায়ে টিউশন ফি মওকুফের সুযোগ থাকছে। বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে কোনো ফি দিতে হয় না। প্রোগ্রামভেদে ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র জমা দিয়ে আইইএলটিএস বা টোয়েফল পরীক্ষার স্কোর ছাড়াই আবেদন করা যায়।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি একটি বেসরকারি গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। রাজনীতি বিজ্ঞান, দর্শনসহ বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক পরিচিতি রয়েছে।
বৃত্তির আর্থিক সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফ, স্বাস্থ্যবিমা ও মাসিক ভাতা পেতে পারেন। বৃত্তির ধরন অনুযায়ী আর্থিক সুবিধার পরিমাণ ভিন্ন হবে।
যেসব বিষয়ে পড়ার সুযোগ
সিইইউতে ১৭টি বিভাগ ও একাডেমিক ইউনিটের অধীনে ৫০টির বেশি ডিগ্রি প্রোগ্রাম রয়েছে। প্রোগ্রামগুলোর পাঠদান ইংরেজিতে হয়। উল্লেখযোগ্য বিভাগগুলো হলো:
১. রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
২. নেটওয়ার্ক ও ডেটা সায়েন্স বিভাগ।
৩. গণিত বিভাগ।
৪. ন্যাশনালিজম স্টাডিজ প্রোগ্রাম।
৫. আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।
৬. পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিভাগ।
৭. ইতিহাস বিভাগ।
৮. আইনবিষয়ক অধ্যয়ন বিভাগ।
৯. দর্শন বিভাগ।
১০. সেন্টার ফর ইস্টার্ন মেডিটেরেনিয়ান স্টাডিজ।
১১. মধ্যযুগীয় অধ্যয়ন বিভাগ।
১২. জেন্ডার স্টাডিজ বিভাগ।
১৩. স্কুল অব পাবলিক পলিসি।
১৪. সমাজবিজ্ঞান ও সামাজিক নৃবিজ্ঞান বিভাগ।
১৫. কগনিটিভ সায়েন্স বিভাগ।
১৬. অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা বিভাগ।
১৭. সেন্টার ফর রিলিজিয়াস স্টাডিজ।
প্রয়োজনীয় কাগজপত্র
⬤ পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র।
⬤ হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।
⬤ সুপারিশপত্র।
⬤ প্রযোজ্য ক্ষেত্রে গবেষণা প্রস্তাব।
⬤ উদ্দেশ্যবিবরণী বা স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)।
⬤ ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র।
⬤ বিশ্ববিদ্যালয় বা সংশ্লিষ্ট প্রোগ্রামের চাহিদা অনুযায়ী অন্যান্য নথি।
⬤ প্রোগ্রামভেদে কাগজপত্রের তালিকায় পরিবর্তন হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রোগ্রামের নির্দেশনা দেখে নেওয়া জরুরি।
আবেদনের যোগ্যতা
বিশ্বের যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে শিক্ষার স্তরভেদে প্রয়োজনীয় যোগ্যতা আলাদা। স্নাতক পর্যায়ে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের সনদ থাকতে হবে। স্নাতকোত্তর পর্যায়ে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি প্রয়োজন। পিএইচডি পর্যায়ে আবেদনের জন্য সাধারণত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে এবং সংশ্লিষ্ট প্রোগ্রামের ভর্তি ও বৃত্তির শর্ত পূরণ করতে হবে।
আবেদনের পদ্ধতি: অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের ওয়েবসাইট:
আবেদনের শেষ তারিখ: ২ ফেব্রুয়ারি ২০২৭।
