নেত্রকোনার সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের চুচুয়া বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি মোটরসাইকেল ও কিছু নথিপত্র পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১৪ অক্টোবর) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গ্রামীণ ব্যাংকের ওই শাখা অফিসের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী বসবাস করেন। ভোরে তাঁরা ধোঁয়া দেখতে পেয়ে আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন। পরে খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে অফিসের দুটি মোটরসাইকেল ও কিছু নথিপত্র পুড়ে যায়। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
এদিকে, ব্যাংক অফিসের বাইরে ককটেলসদৃশ কিছু বোতল পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, রাতে দুর্বৃত্তরা অফিসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে আগুন লাগানোর ঘটনায় এসব বোতলের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
