সিলেট ভয়েস ডেস্ক · ১৬ অক্টোবর, ২০২৬ ২:৫৯ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ।
কালবেলার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব সভায় স্বাগত বক্তব্য দেন। জগন্নাথপুর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এমএ মুকিত আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সদস্য মির্জা লিকছন, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সহসভাপতি আব্দুল হাই, সাংবাদিক আলী আহমেদ, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যালয়ের কর্মকর্তা শিমুল আলী এবং বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আজিজুর রহমান আজাদ।
এ ছাড়া সাংবাদিক রায়হান আহমেদ, বিএনপি নেতা দিলু মিয়া ও মকবুল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘সত্য, সাহস, সুন্দর’ প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা কালবেলা চার বছরে পাঠকদের মধ্যে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছে। পত্রিকাটি সম্পাদকীয় নীতিমালা অনুসরণ করে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে বলেও তারা মন্তব্য করেন।
বক্তারা কালবেলার সম্পাদক, প্রকাশক, সাংবাদিক ও কলাকুশলীদের সাফল্য কামনা করেন। ভবিষ্যতেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে জগন্নাথপুরে কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
গুগলে আমাদের খবর পেতে
