বগুড়ার শেরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় বাধা দিতে গিয়ে সিরাজ (৬৪) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে দুজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন ধুনট উপজেলার গোয়ালভাগ গ্রামের কাওসার আলী (২৬) ও তাঁর বাবা তোজাম সরকার (৫৫)। শুক্রবার (১৬ অক্টোবর) শেরপুর থানায় দায়ের করা এ মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারা উল্লেখ করা হয়েছে। মামলার নম্বর ২৬।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সিরাজের চাচা ছানোয়ার হোসেনের (৫০) সঙ্গে কাওসার ও তাঁর বাবা তোজাম সরকারের পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাঁরা টাকা চাইতে ছানোয়ারের নাকুয়া গ্রামের বাড়িতে যান। এ সময় ছানোয়ার কয়েক দিন সময় চাইলে তাঁরা ক্ষুব্ধ হয়ে তাঁকে ঘর থেকে টেনেহিঁচড়ে বাইরে এনে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চাচাকে মারধরের খবর পেয়ে সিরাজ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থামানোর চেষ্টা করেন। এ সময় কাওসার ও তোজাম সরকার তাঁকেও মারধর করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে কাওসার সিরাজের বুকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে যান। পরে রাত সাড়ে ৯টার দিকে ছানোয়ারের বাড়ির উঠানেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, হত্যা মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
