ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ দেশটির অর্থনীতিকে মারাত্মকভাবে দুর্বল করে দিচ্ছে বলে দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তার পূর্বাভাস, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যখন ইরানের অর্থনৈতিক সংকট দ্রুত আরও গভীর হয়ে উঠবে।
টু ওয়ে টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘বিষয়টিকে একটি দেউলিয়া হতে যাওয়া প্রতিষ্ঠানের মতো ভাবুন। কেউ তাদের অর্থ দিতে চাইবে না। নির্বাচিত জনপ্রতিনিধি ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রকাশ্য ও ব্যক্তিগত বক্তব্য থেকেও আমরা দেখতে পাচ্ছি, আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করেছে।’
তিনি আরও বলেন, ইরানে মূল্যস্ফীতির হার ১০০ শতাংশের বেশি। দেশটির অর্থনীতি দুই অঙ্কের হারে সংকুচিত হতে পারে বলেও মনে করছে যুক্তরাষ্ট্র।
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক অভিযান ‘অপারেশন আউটকাস্ট’ শুরুর আট সপ্তাহ পার হয়েছে বলে জানান বেসেন্ট। তিনি বলেন, এই অভিযান চালাতে আরও চার সপ্তাহ লাগবে, নাকি আট সপ্তাহ, তা তিনি জানেন না। তবে একপর্যায়ে ইরানের অর্থনীতির পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
ইরানের অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে বেসেন্টের এসব বক্তব্য যুক্তরাষ্ট্রের দাবি হিসেবে এসেছে।
সূত্র: আল-জাজিরা
/অ
