
চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত।
ভোলার চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে জ্ঞান ও আধুনিকতার সমন্বয়ে সুপ্ত প্রতিভার বিকাশের অঙ্গীকার নিয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে "এসো নতুন তোমাদের করি বরণ, তোমাদের শুভাগমনে ধন্য হোক এ ভুবন" স্লোগানকে সামনে রেখে এই উৎসবের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন, কলেজের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম এবং সহকারী ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক। এছাড়া কলেজের শিক্ষক-শিক্ষিকা, নবীন ও প্রবীণ শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজের উপাধ্যক্ষ ইবরাহীম খলিল।
অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বরং নৈতিক ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদেরকে সুনাগরিক হিসেবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। তারা উল্লেখ করেন, একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজ সুশৃঙ্খল পাঠদান, বিজ্ঞান, খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গনসহ প্রয়োজনীয় সকল বিভাগের গুণগত মান বজায় রেখে শুধু ভোলা জেলায় নয়, দেশজুড়ে ইতিমধ্যে প্রশংসনীয় সুনাম অর্জন করেছে। তোমাদেরকে সুনামের এ ধারা অব্যাহত রাখতে হবে জানান বক্তারা।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক ও প্রবীণ শিক্ষার্থীরা। আলোচনার আনুষ্ঠানিকতা শেষে দ্বিতীয় পর্বে কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।
