সরকার সবসময় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সিবগাতুল্লাহ সিগবা।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টায় ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শাখা ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিবগাতুল্লাহ সিগবা বলেন, আমাদের তরুণরা পড়াশোনা করার জন্য প্রস্তুত আছে। কিন্তু সরকার পড়াশোনার সঠিক পরিবেশ চালু করছে না। কারণ যদি সবাই পড়াশোনায় ঢুকে যায়, তাহলে গাড়ির পেছনে দৌড়াবে কে? সরকার সবসময় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করে। আমরা আশাবাদী, যেহেতু একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে, তারা বিষয়গুলো দেখবেন।
তিনি বলেন, শিবির তো শিবিরই; ছাত্রদল বা ছাত্রলীগ হওয়ার কোনো সম্ভাবনা আমাদের নেই। শিবির শিবিরেই থাকবে। আমরা এটা নিশ্চিত করার চেষ্টা করেছি। মেধার ভিত্তিতে হোক, কিংবা যার যার যোগ্যতার ভিত্তিতেই হোক তারা তাদের প্রমাণ করার সুযোগ পাবে। যাদের নিড বেশি, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সুযোগ দেওয়া হোক। এটাই মূলত শিবিরের চাওয়া-পাওয়া।
ছাত্রসংসদ নির্বাচন প্রসঙ্গে সিবগাতুল্লাহ বলেন, বাংলাদেশের বেশ অনেকগুলো ক্যাম্পাসে ছাত্রসংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। বাংলাদেশে পাঁচটা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচন হয়েছে, সবগুলোতে ইসলামী ছাত্রশিবির বিজয়ী হয়েছে। এমন কি ঘটেছে যে, কোনো একটা বিশ্ববিদ্যালয়ে জয় পাওয়ার পরে সেখানে আবারও গেস্টরুম-গণরুম ফিরে এসেছে?
হলের সিট বণ্টনের সুষ্ঠু নীতিমালার দাবি জানিয়ে ছাত্রশিবির সেক্রেটারি বলেন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা সুনির্দিষ্ট সিট বণ্টন নীতিমালা দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো সবগুলোতে আমরা বলেছি সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে সিটগুলো দেওয়া হোক। হলের সিটের জন্য অন্যের পেছনে কেন দৌড়াবো? কেন আমাকে অন্যের গাড়ির পেছনে দৌড়াতে হবে? একজন শিক্ষার্থীকে আপনার গাড়ির পেছনে ঘুরায়ে তাকে যোগ্য বানানোর কোনো দরকার নাই, সে যোগ্যতার তার দরকার নাই।
ঢাকা কলেজের বিষয়ে তিনি বলেন, ঢাকা কলেজ ১৮৬ বছরের ঐতিহ্যবাহী একটা কলেজ। এত বছর হয়েছে, কিন্তু এখনো কি এই কলেজের শিক্ষার্থীদের সবার পড়ার জন্য পর্যাপ্ত রিডিং রুম আছে? লাইব্রেরিতে সকল শিক্ষার্থীরা পড়তে পারে না। কিন্তু আমাদের সরকারের এগুলো মাথায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের বিশ্ববিদ্যালয়, সেখানকার শিক্ষার্থীরা রিডিং রুম পাচ্ছে, সেখানে সকালবেলা লাইন দিয়ে তারা পড়াশোনা করছে। আমার ঢাকা কলেজের শিক্ষার্থীদের কি রিডিং রুমের পড়ার ইচ্ছা জাগে না তাদের? একটা সুযোগ দিলে শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবে।
অনুষ্ঠানে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইমুন ইসলাম সানির সঞ্চালনায় ও সভাপতি মোস্তাকিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবগাতুল্লাহ সিগমা। প্রধান আলোচক হিসেবে ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির অর্থ সম্পাদক আনিসুর রহমান ও আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ।
আইজে/এনএফ
