ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতে ফিরিয়ে আনা হয়। কয়েক দিন আগে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়। এরপর মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেত্রী।
হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন নুসরাত ভারুচা। এখন বাসায় পরিবারের সান্নিধ্যে রয়েছেন। নুসরাত কবে লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরবেন, তা নিয়ে চলছে নানা ধরনের চর্চা। যদিও এ নিয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো বক্তব্য দেননি নুসরাত। তবে তার টিমের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “দুর্ভাগ্যজনক দুর্ঘটনার পর কঠিন ও চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন নুসরাত ভারুচা। তার মেরুদণ্ডে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপনাদের জানাতে পেরে স্বস্তি বোধ করছি যে, নুসরাতকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।”
সুস্থ হয়ে কাজে ফিরতে কিছুটা সময় লাগবে নুসরাতের। তবে কত দিন লাগবে সে বিষয়ে কিছু জানা যায়নি। বিবৃতিতে বলা হয়েছে, “অবশেষে নুসরাত বাড়ি ফিরেছেন। পরিবারের সদস্যদের যত্ন ও ভালোবাসায় সুস্থ হয়ে ওঠার গুরুত্বপূর্ণ যাত্রা শুরু করেছেন। সম্পূর্ণ সুস্থ হতে আরো কিছুটা সময় লাগবে। সুস্থ হয়ে ওঠা ও শারীরিক শক্তি ফিরে পাওয়ার দিকেই মনোযোগ দিচ্ছেন। মানসিকভাবেও ইতিবাচক রয়েছেন।”
এই কঠিন সময়ে যারা নুসরাতকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তার সুস্থতার জন্য প্রার্থনা ও শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে অভিনেত্রীর টিম।
গত ২ অক্টোবর এক বিবৃতিতে নুসরাতের জনসংযোগ কর্মকর্তা সঞ্চিতা ত্রিবেদী জানান, কাজ ও অবকাশযাপনের জন্য বালিতে গিয়েছিলেন অভিনেত্রী নুসরাত ভারুচা। সেখানে দুর্ঘটনায় তার মেরুদণ্ডের হাড় ভেঙেছে। চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা ও মূল্যায়নের পর তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করবেন।
নুসরাত ভারুচা কীভাবে, কখন দুর্ঘটনার শিকার হন, সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি। তবে বিবৃতিতে সঞ্চিতা ত্রিবেদী বলেন, “এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার তার স্বাস্থ্য এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা। বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নুসরাতকে মুম্বাইয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। সেখানেই তার অস্ত্রোপচার হবে।”
২০০৬ সালে রুপালি পর্দায় পা রাখেন নুসরাত। ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘ড্রিম গার্ল’, ‘ছালাং’, ‘ছোড়ি’, ‘আজীব দাস্তানস’ প্রভৃতি সিনেমায় অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।
নুসরাত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উফফ ইয়ে সিয়াপ্পা’। কমেডি থ্রিলার ঘরানার এ সিনেমা গত ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পরবর্তী সিনেমায় টাইগার শ্রফের সঙ্গে পর্দা ভাগ করে নেবেন নুসরাত। প্রথমবার একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।
*এনডিটিভি অবলম্বনে
