
নাচোলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বানে সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হলুদ সাংবাদিকতা পরিহার করে সত্য, বস্তুনিষ্ঠ ও ন্যায়ের পক্ষে সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উদযাপিত হয়েছে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে নাচোল ইলা মিত্র পাঠাগারে "কারো তাবেদার নয়, সত্য ও ন্যায়ের সেবক হতে চাই"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেক কর্তন, আলোচনা সভা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
অনুষ্ঠানে নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুর রহমান মানিক-এর সভাপতিত্বে এবং ক্লাব নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নাচোল উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী।
প্রধান অতিথি প্রভাষক ইয়াকুব আলী তাঁর বক্তব্যে বলেন, "নাচোল উপজেলাকে সার্বিকভাবে এগিয়ে নিতে সংবাদকর্মীদের ভূমিকা অপরিসীম। প্রশাসনিক ও জনপ্রতিনিধিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাংবাদিকদের কাজ করতে হবে।" তিনি বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের অনিয়ম ও দুর্নীতির উপযুক্ত প্রমাণাদিসহ প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান এবং স্পষ্ট ঘোষণা দেন, "ন্যায়ের পথে ও সত্যের পক্ষে লিখতে গিয়ে যদি কোনো বাধা আসে, আমরা সর্বদা সাংবাদিকদের পাশে থাকব।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন বলেন, "আমাদেরকে হলুদ সাংবাদিকতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নাচোলকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যেতে হবে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে আমরা নাচোলে হলুদ সাংবাদিকতাকে ‘না’ এবং স্বচ্ছ সাংবাদিকতাকে ‘হ্যাঁ’ বলতে চাই।"
আলোচনা সভায় নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুস সাত্তার আক্ষেপ প্রকাশ করে বলেন, "নব্বইয়ের দশকের দিকে কোনো দপ্তরের অনিয়ম-দুর্নীতি সংবাদপত্রে প্রকাশিত ও প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু বর্তমানে উল্টো চিত্র দেখা যায়।" তিনি তরুণ সাংবাদিকদের উদ্দেশ্য করে অপসাংবাদিকতা বর্জন করে সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকতা চর্চার মাধ্যমে এই পেশার মর্যাদা উজ্জ্বল রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম, প্রভাষক শফিকুল আলম, এবং আব্দুস সালামসহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি নাসিম ও সেক্রেটারি ফারুক হোসেন ডন।আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
