চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৭০ জনকে আটক করেছে পুলিশ। মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ৫১ পিস ইয়াবা ও ২৯৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর। পুলিশ জানায়, সদর মডেল থানা পুলিশ বিভিন্ন মাদকদ্রব্য সেবনের অপরাধে ৯জনকে গ্রেপ্তার করা হয়। ফরিদগঞ্জে এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মতলব দক্ষিণে ২৩ গ্রাম গাঁজাসহ দুজন, মতলব উত্তরে ২৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও হাজীগঞ্জ ও শাহরাস্তিতে ১১ পিস ইয়াবাসহ ৪ এবং কচুয়ায় পাঁচ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে হাইমচরে ১, ফরিদগঞ্জে ১৪, মতলব উত্তরে ৮, হাজীগঞ্জে ১৪, শাহরাস্তিতে ১৭ ও কচুয়ায় ১৬ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে এদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।